The Calcutta Mirror Desk :
শনিবার সকাল সকালই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষও। আর সে খবর ছড়িয়ে পড়তেই টলিউডে শোরগোল। তাহলে কি ভোটের আগে প্রসেনজিৎকে ঘিরে নতুন কোনও সমীকরণ দেখতে চলেছে টলিপাড়া?
এই উত্তর পাওয়া না গেলেও, জানা গিয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে সুকান্ত মজুমদারের শনিবারের এই সাক্ষাৎ ছিল একেবারেই সৌজন্যমূলক। বরং অভিনেতা পদ্মশ্রী সম্মান পাওয়ায়, প্রসেনজিৎকে শুভেচ্ছা জানাতেই তাঁর বাড়িতে গিয়েছিলেন সুকান্ত ও রুদ্রনীলরা।
এদিন প্রসেনজিতের হাতে একটি রামলালার মূতি তুলে দিয়েছেন সুকান্ত মজুমদার। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বেশ কিছুক্ষণ প্রসেনজিতের বাড়িতে ছিলেন সুকান্ত ও রুদ্রনীল। সিনেমা জগত, অভিনয় নিয়ে মূলত তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে। হালকা মেজাজেই উঠে এসেছে রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতির কথাও।


